স্টাফ রিপোর্টার: সচিবালয়ে টেলিফোনের তার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন করে চুরির ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়ের ১৬তম তলা থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর একান্ত সচিবের ব্যবহৃত একটি ল্যাপটপ চুরি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ উধাও হয়ে যায়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দফতরও অবস্থিত।
একাধিক কর্মকর্তা জানান, দুপুরে ড. শাকিরুল ইসলাম খানের কক্ষে প্রবেশ করেন পিএস ইমামুল হাফিজ নাদিম। প্রায় পাঁচ মিনিট পর নিজ কক্ষে ফিরে এসে তিনি দেখতে পান, টেবিলে রাখা ল্যাপটপটি নেই। ওই সময় ভবনে বিদ্যুৎ ছিল না এবং কক্ষের বাইরে বেশ লোকসমাগম ছিল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও তল্লাশি চালানো হলেও ল্যাপটপটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি একটি কালো ব্যাগ নিয়ে দফতর এলাকা ত্যাগ করছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগেই চুরি হওয়া ল্যাপটপটি বহন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ল্যাপটপটিতে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্রও সংরক্ষিত ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, ভবনের ১৬তম তলায় নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক দুর্বল। গুরুত্বপূর্ণ দফতর এলাকায় সহজেই প্রবেশ করা যায়। প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থীর আনাগোনার কারণে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।
তাদের ভাষ্য, লিফট থেকে নেমেই কার্যকর কোনো নিরাপত্তা বলয় ছাড়াই করিডোরে প্রবেশ করা সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট দফতরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বলেন, ঘটনার পরপরই উপস্থিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়েছে। তবে পুরো ভবনের নিরাপত্তায় মাত্র ২২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সীমিত জনবল নিয়েও সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, ঘটনার বিষয়ে জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রিপোর্টার্স২৪/বাবি