স্পোর্টস ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো তিনটি ভিন্ন দেশে পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যৌথ আয়োজক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের তিনটি ভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন। প্রতিটি আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে অনুষ্ঠানগুলো।
উদ্বোধনী আয়োজনের সূচনা হবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে ল্যাটিন পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের সমন্বয়ে সাজানো অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন জে বালভিন ও জনপ্রিয় পপ ব্যান্ড মানা।
পরদিন ১২ জুন বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে মঞ্চে থাকবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারা।
অন্যদিকে, ১৩ জুন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। হলিউড ঘরানার এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পারফর্ম করবেন ক্যাটি পেরি, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা, মার্কিন র্যাপার ফিউচার এবং ব্রাজিলিয়ান গায়িকা অ্যানিত্তা।
ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে পুরো উদ্বোধনী আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে। আয়োজক তিন দেশের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্যের সমন্বয়ে তৈরি করা হবে অনুষ্ঠানগুলোর পরিবেশনা।
বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।