স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেওয়া আরেক পূর্বাভাসে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে একই গতিতে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি