শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়া পাঁচ মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে কোনো অপহরণ বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। ঘুরতে বের হয়েই তারা নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি।
সোমবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)। তারা সবাই পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।
এর আগে রোববার দুপুরে একই মাদরাসার পাঁচ শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হলে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। পরে সোমবার শিক্ষার্থীদের স্বজনরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তাদের সন্ধানে মাঠে নামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে একটি দল বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদে তিন শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
নালিতাবাড়ী থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী মাদরাসা থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। রোববার রাতে তারা তিনানী বাজার বড় মসজিদে অবস্থান করে। সোমবারও বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর সন্ধ্যায় আবার মসজিদটিতে ফিরে আসে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে কোনো অপহরণ বা অপরাধমূলক ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে নিখোঁজ থাকা অপর দুই শিক্ষার্থীর সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি