চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দেশের প্রথম ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’ (SODIC-CU) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত নতুন এই সেন্টারের উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টা ৩০ মিনিটে ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর প্রফেসর ড. ফু বিনসহ অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, এই সেন্টার দেশের ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতিতে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের মতো দেশের জন্য সমুদ্রবিজ্ঞান ও সমুদ্রসম্পদ বিষয়ক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সেন্টার থেকে প্রাপ্ত তথ্য মৎস্যসম্পদ, আবহাওয়া পূর্বাভাস এবং সমুদ্র পর্যবেক্ষণে কাজে লাগানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে চীনা দূতাবাস ও সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফিসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চবি প্রশাসন ও সংশ্লিষ্ট গবেষকদের অবদানের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে সংগৃহীত তথ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একইসঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ তৈরি হবে।
তিনি চীনা সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ ধরনের দ্বিপাক্ষিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চীনা প্রতিনিধি প্রফেসর ড. ফু বিন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে গবেষণা সহযোগিতা আরও জোরদার করতে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সেন্টারের পরিচালক ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন সেন্টারের কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
রিপোর্টার্স২৪/বাবি