আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের একটি বস্তি এলাকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, একটি সাদা রঙের টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রল স্টেশনের কাছে এসে পৌঁছায়। পরে তারা বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর একই গাড়িতে করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে চলমান গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধারে জরুরি চিকিৎসাসেবা দলও পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়। আহত অন্তত নয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিশ্বে হত্যাকাণ্ডের উচ্চহারের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ নিহত হন। বিশেষ করে বস্তি এলাকায় গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে।এর আগেও গত বছর জোহানেসবার্গের একটি ট্যাভার্নে সংঘটিত গণগুলিবর্ষণের ঘটনায় নয়জন নিহত হয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকায় বর্তমানে প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। দেশটির গানওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, অবৈধ অস্ত্রের সংখ্যাও প্রায় একই পরিমাণ হতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি