স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে আগ্রহী। তিনি বলেন, নতুন গণতান্ত্রিক সরকার দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব, সমতা এবং শান্তি ও সমৃদ্ধির অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে চায়।
শুক্রবার (১২ জুন) চীন-দক্ষিণ এশিয়া এক্সপো উপলক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের একটি হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, উভয় দেশের জনগণের বাস্তব ও প্রত্যক্ষ উপকার নিশ্চিত করতে টেকসই ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তুলতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণ সেই অগ্রগতিরই প্রতিফলন।
তিনি আরও বলেন, আজ আমাদের জন্য একটি বিশেষ দিন। কারণ আমরা আতিথেয়তাপূর্ণ ও উষ্ণ শহর কুনমিংয়ে ‘বাংলাদেশ ডে’ উদযাপন করছি। চীনের মাটিতে এমন আয়োজন দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার উজ্জ্বল প্রতীক, যা দীর্ঘদিন ধরে বিকশিত হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে সরকার সম্ভাবনার একটি অনন্য ভূমি হিসেবে বিশ্বে তুলে ধরতে চায়, যা শুধু স্লোগান নয়, বরং বিনিয়োগ ও অংশীদারত্বের একটি উন্মুক্ত আহ্বান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, ইউনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ইয়াং, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এবং চীনের কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের প্রেসিডেন্ট লিউ কী লিন।