ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় মানারাত হাসপাতাল অ্যান্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের অস্ত্রোপচার বিভাগ সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসায় অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার পর শুক্রবার সন্ধ্যায় এ ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে সকালে হাসপাতালটিতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা স্বাস্থ্য বিভাগ হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ সাময়িকভাবে বন্ধ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
জানা যায়, হাসপাতালের অস্ত্রোপচার বিভাগে ডা. আশিক এলাহীর তত্ত্বাবধানে টনসিল সমস্যায় আক্রান্ত এক রোগীকে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের জন্য ২৫ হাজার টাকা দাবি করা হয় এবং পরে ২৩ হাজার টাকায় চুক্তি চূড়ান্ত হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা হাসপাতালে জড়ো হন। একপর্যায়ে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে এবং চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীরা স্থান ত্যাগ করেন।
খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জয়নাল আবেদীন দাবি করেন, রোগীকে বৃহস্পতিবার ভর্তি করা হয় এবং পরে জানা যায় ওষুধের রিঅ্যাকশনের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর স্বজনদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তবে শুক্রবার ভোরে একদল যুবক মোটরসাইকেলে এসে হাসপাতালে ভাঙচুর চালায় বলে তিনি অভিযোগ করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল ভাঙচুরের ঘটনার তদন্ত চলছে।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, প্রাথমিক তদন্তে চিকিৎসায় অবহেলা ও হাসপাতালের অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় অস্ত্রোপচার বিভাগ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্তে কমিটি কাজ শুরু করেছে।
রিপোর্টার্স২৪/বাবি