নিজস্ব প্রতিবেদক: খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কক্সবাজারে এটি তারেক রহমানের প্রথম সফর।
দিনের কর্মসূচি অনুযায়ী তিনি কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকালে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় এবং সন্ধ্যায় একটি সুধী সমাবেশে অংশ নেবেন।
এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
রিপোর্টার্স২৪/এম এইচ