সিনিয়র রিপোর্টার: দেশে চলতি বছরের মে মাসে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আরও ২৩১ জন প্রাণ হারিয়েছেন।শনিবার (১৩ জুন) সংগঠনটির মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মে মাসে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত এবং ২১৯ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার একটি বড় অংশই মোটরসাইকেল-সম্পর্কিত, যা প্রাণহানি ও আহতের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৮০টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত এবং ৫৫৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ২৭টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।
সংগঠনটির তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত ৯৭৫টি যানবাহনের মধ্যে মোটরসাইকেলের হার ২৮ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি ছিল ২৩ দশমিক ১০ শতাংশ, বাস ১৪ দশমিক ৪৫ শতাংশ এবং ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১২ দশমিক ৯৭ শতাংশ। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা, ধীরগতির যানবাহন, প্রাইভেট কার ও মাইক্রোবাসও বিভিন্ন দুর্ঘটনায় জড়িত ছিল।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৪২ দশমিক ৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষে। এছাড়া ৩২ দশমিক ৩০ শতাংশ গাড়ির চাপা বা ধাক্কায়, ১৮ দশমিক ৯২ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার কারণে, ৫ দশমিক ৫৪ শতাংশ অন্যান্য কারণে, ০ দশমিক ৩২ শতাংশ ওড়না চাকায় পেঁচিয়ে এবং ০ দশমিক ৮১ শতাংশ ট্রেন ও যানবাহনের সংঘর্ষে ঘটেছে।
সড়কের ধরন অনুযায়ী, মোট দুর্ঘটনার ৪৪ দশমিক ৬৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক ৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ১৮ দশমিক ১০ শতাংশ ফিডার সড়কে ঘটেছে। এছাড়া ৫ দশমিক ২২ শতাংশ দুর্ঘটনা মহানগর এলাকায় এবং ০ দশমিক ৮১ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে, মহাসড়কে ধীরগতির যানবাহনের অবাধ চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, সড়কের অবকাঠামোগত ত্রুটি, ট্রাফিক আইন অমান্য এবং অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।
দুর্ঘটনা কমাতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, চালকদের প্রশিক্ষণ বাড়ানো, সড়ক নিরাপত্তা অবকাঠামোর উন্নয়ন, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে সংগঠনটি।
রিপোর্টার্স২৪/এসসি