সিনিয়র রিপোর্টার: দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির সূচনা করেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্য ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল, ক্ষমতায় এলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। মালুমঘাটে কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হলো।
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করবে।
প্রথম ধাপে দেশের ৪৯ জেলার ১৪৯টি উপজেলায় প্রায় দেড় কোটি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।
সরকারের আশা, এ কর্মসূচির মাধ্যমে বনাঞ্চল সম্প্রসারণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
রিপোর্টার্স২৪/এসসি