ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পরমাণু কেনন্দ্রে বিমান হামলার জন্য আমেরিকা আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হচ্ছে। বেশ কয়েকটি দেশ এই হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছে। সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া।
সোমবার (২৩ জনু) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করেছে। উত্তর কোরিয়া মার্কিন সেনাবাহিনীর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। উত্তর কোরিয়া বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দেশের নিরাপত্তা স্বার্থ লঙ্ঘন করেছে। অন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়।
উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাহ্যিকভাবে শান্তির কথা বলছে। কিন্তু ভেতরে ভেতরে উভয় দেশই তাদের শক্তি প্রদর্শন করতে এবং মধ্যপ্রাচ্যে ভয় তৈরি করতে চায়।
উত্তর কোরিয়া বলেছে, এই দুটি দেশের কর্মকাণ্ড বিশ্বের সকল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। রাশিয়া ইতিমধ্যেই মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাই, যা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে বর্বরভাবে লঙ্ঘন করেছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ন্যায়সংগত আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাতমুখী কর্মকাণ্ডের বিরুদ্ধে একত্রে প্রতিবাদ ও নিন্দা জানানো।’
ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং তারা অনেক বছর ধরেই একে অপরের সঙ্গে সামরিক সহযোগিতায় যুক্ত থাকার সন্দেহের মধ্যে রয়েছে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে।
রিপোর্টার্স ২৪/এমবি