নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) ভোরে শহরের জজ আদালত সড়কের উত্তর পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মাঝামাঝি স্থানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে দিনভর বিষয়টি কারও নজরে না আসায় ঘটনাটি অপ্রকাশিত থেকে যায়। পরে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভিডিওতে দেখা যায়, একদল তরুণ স্মৃতিস্তম্ভ ও এর আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশে কালো দাগ পড়ে এবং আংশিক ক্ষতি হয়।
ভিডিওতে আরও শোনা যায়, এক ব্যক্তি স্লোগান দিয়ে বলেন, স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। নোয়াখালী থেকে রাজাকার বিতাড়িত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত।
ভিডিও ছড়িয়ে পড়ার পর সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে আগে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। ভিডিও প্রকাশের পর বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ কালো হয়ে গেছে। সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।