স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ‘সি’ গ্রুপে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফেরা দুই দল স্কটল্যান্ড ও হাইতির লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড। রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত ম্যাচের ২৮তম মিনিটে জন ম্যাকগিনের গোলে লিড নেয় স্কটিশরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। গোলের মুহূর্তে ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান তরুণ উইঙ্গার বেন ডক। গোললাইনের কাছ থেকে তিনি বল বাড়িয়ে দেন সে অ্যাডামসের উদ্দেশে। অ্যাডামসের নেওয়া শট হাইতির গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে সুযোগ পেয়ে যান জন ম্যাকগিন। তার নেওয়া শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়।
গোলে পিছিয়ে পড়লেও হাইতি লড়াই চালিয়ে যায়। প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে ছিল স্কটল্যান্ড। স্কটিশদের বল দখলের হার ছিল ৫৮ শতাংশ, যেখানে হাইতির ছিল ৪২ শতাংশ।
গোল বারে শটের সংখ্যায় অবশ্য দুই দলই ছিল সমান। প্রথমার্ধে উভয় দলই ৬টি করে শট নেয়। তবে লক্ষ্যে রাখা শটের ক্ষেত্রে এগিয়ে ছিল স্কটল্যান্ড। তাদের তিনটি শট লক্ষ্যভেদ করলেও হাইতি লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি।
প্রথমার্ধে সুযোগ তৈরিতে এগিয়ে থাকা স্কটল্যান্ড বিরতিতে এক গোলের লিড নিয়ে গেলেও ম্যাচে ফেরার আশা এখনও জিইয়ে রেখেছে হাইতি। ফলে দ্বিতীয়ার্ধে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে।
রিপোর্টার্স২৪/বাবি