রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের গণমাধ্যমগুলোকে এখনো যথেষ্ট শক্তিশালী ও কার্যকর হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (১৫ জুন) ডিএফপি ভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, যে আয়নায় আমরা নিজের চেহারা দেখি, সেই আয়না যত পরিষ্কার হবে, ততই আমরা নিজেদের আরও নিখুঁতভাবে দেখতে পারব। গণমাধ্যম হলো সমাজ ও রাষ্ট্রের সেই আয়না।
তিনি আরও বলেন, গণমাধ্যমকে স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর রাখার দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে। সম্পাদকদের উদ্দেশে তিনি আশা প্রকাশ করে বলেন, তারা এ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তবে এ উদ্যোগগুলো এখনো পূর্ণতা পায়নি বলে তিনি মনে করেন।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতের বিভিন্ন সময়ে নেওয়া উদ্যোগগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি, যার ফলে দেশের গণমাধ্যম কাঠামোকে শক্তিশালী করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিগত সরকারেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে গণমাধ্যমসহ সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লক্ষ্য নির্ধারণে ঐক্য না থাকলে আগের মতো উদ্যোগগুলো আবারও ব্যর্থ হতে পারে।
সাংবাদিকতার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটি একটি প্রতিযোগিতামূলক পেশা হলেও দেশ ও জাতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ভিন্নমতের চর্চা থাকলেও সেটিকে ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, যাতে তা জাতীয় স্বার্থে সহায়ক ভূমিকা রাখে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দ্য ডেইলি ওয়াদা সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল ইসলাম, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, এবং ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনসহ অনেকে।
রিপোর্টার্স২৪/ঝুম