ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক হামলার সময় ঐতিহাসিক পেচেরস্ক লাভরা মঠে রাশিয়া হামলা চালিয়েছে, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগকে ‘জঘন্য মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছে মস্কো।
সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, প্রায় এক হাজার বছরের পুরোনো এই মঠে রুশ বাহিনী কোনো হামলা চালায়নি।
ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের আগে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া কিয়েভ পেচেরস্ক লাভরা মঠের ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এর আগে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক কারখানাগুলোকে লক্ষ্য করে চালানো অভিযানের সময় তারা কিয়েভের পেচেরস্ক লাভরা মঠে কোনো হামলা চালায়নি। বরং যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ক্ষেপণাস্ত্র ওই ধর্মীয় স্থাপনাটির ক্ষতির জন্য দায়ী বলে দাবি করে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘আরও একটি সাজানো গল্প’ তৈরির অভিযোগ এনে বলেন, এটি একটি ‘জঘন্য ভুয়া প্রচারণা’। তার দাবি, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটির প্রকৃত চিত্র তুলে ধরেছে।
এক বিবৃতিতে জাখারোভা আরও অভিযোগ করেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপের বিভিন্ন নেতা মঠের ক্ষয়ক্ষতির জন্য তড়িঘড়ি করে মস্কোকে দোষারোপ করেছেন।
অথচ, তার ভাষ্য অনুযায়ী, ক্রিমিয়ায় একটি শিক্ষার্থী আবাসিক ভবন ও একটি জাদুঘরে ইউক্রেনের প্রাণঘাতী হামলা এবং সেখানে একটি ঐতিহাসিক শিল্পকর্ম ধ্বংসের ঘটনায় পশ্চিমা নেতারা নীরব থেকেছেন। রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি