স্পোর্টস ডেস্ক: ফুটবল ইতিহাসে বড় দলকে চমকে দেওয়ার গল্প নতুন নয়। তবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে নিজেদের ইতিহাসের অন্যতম স্মরণীয় ফল তুলে নিয়েছে বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচজুড়ে আধিপত্য ছিল স্পেনের। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ২৭টি শট নেয়, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। কিন্তু একটিও গোল আদায় করতে পারেনি তারা। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া।
ম্যাচজুড়ে দুর্দান্ত সব সেভ করে স্প্যানিশ আক্রমণভাগকে হতাশ করেন অভিজ্ঞ এই গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে মিকেল ওইয়ারসাবাল, এমেরিক লাপোর্তে ও ফেরান তোরেসের একের পর এক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন তিনি। তোরেসের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলেও গোল করতে পারেনি স্পেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলাতে একে একে মিকেল মেরিনো, মার্ক কুকুরেয়া এবং তরুণ তারকা লামিনে ইয়ামালকে মাঠে নামান স্পেন কোচ। কিন্তু কেপ ভার্দের সুসংগঠিত রক্ষণভাগের সামনে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপে জায়গা করে নেয়। আফ্রিকান বাছাইপর্বে ক্যামেরুনকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে সার্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের ইঙ্গিত দিয়েছিল দলটি। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ড্রয়ের মতো ফলের পূর্বাভাস খুব কম মানুষই দিয়েছিলেন।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে ২০০২ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমক দেখিয়েছিল সেনেগাল। ১৯৬৬ সালে ইতালিকে হারিয়েছিল উত্তর কোরিয়া। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসে সৌদি আরব। স্পেনের বিপক্ষে কেপ ভার্দের এই গোলশূন্য ড্রও সেই বিস্ময়কর ফলাফলের তালিকায় জায়গা করে নিয়েছে।
ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন গোলরক্ষক ভোজিনিয়া। তার অনবদ্য পারফরম্যান্সে ভর করে শক্তিশালী স্পেনের কাছ থেকে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয় কেপ ভার্দে। জোভানে কাবরাল, জামিরো মন্টেইরো ও গ্যারি রদ্রিগেজদের লড়াকু মানসিকতায় বিশ্বকাপের মঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিল আফ্রিকার প্রতিনিধিরা।
ফুটবল আবারও প্রমাণ করল, পরিসংখ্যান, তারকার ঝলক কিংবা বাজারমূল্য নয়—মাঠের লড়াইটাই শেষ কথা। আর সেই লড়াইয়ে স্পেনের বিপক্ষে জয়ের সমান মূল্যবান এক ড্র নিয়েই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছে কেপ ভার্দে।
রিপোর্টার্স২৪/বাবি