রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রীকে ভারতের কলকাতায় হেনস্থার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু আ. লীগের সমর্থকরা তাকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও কটূক্তি করেন।
মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে পোস্ট করে বিষয়টি সামনে আনেন।
ফেসবুক পোস্টে জাওয়াদ নির্ঝর তার পোস্টে লেখেন, কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশারফ করিম। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশরাফ করিমকে লাল বদর বলে গালিগালাজ করতে থাকে, তার দিকে তেড়ে যায়।
তিনি আরও লেখেন, এসময় মোশারফ করিমের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরো কয়েকজন এসে মোশারফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।
রিপোর্টার্স২৪/এম এইচ