ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে ক্ষিতিশ চন্দ্র রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার হাটপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ক্ষিতিশ চন্দ্র রায় ওই গ্রামের শ্রী বিক্রম রায়ের ছেলে। এ ঘটনায় হরিপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষে নিজ শয়নকক্ষের পাশের বাথরুমে যান ক্ষিতিশ চন্দ্র রায়। বাথরুম থেকে ফিরে রাত ১২টার দিকে তিনি তার মা মালা রানীকে জানান, একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিয়েছে। এ সময় তার মায়ের চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।
পরে রাত ১টার দিকে স্বজনরা তাকে অটোরিকশাযোগে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের কামড়ে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ মিতু