প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 16-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় পুরস্কার পেল ৪২ জন
চাঁদপুর প্রতিনিধি: ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা কারাতে একাডেমির সহযোগিতায় আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২ জনকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের একটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, কারাতে আত্মরক্ষা, শরীরচর্চা ও মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ আয়োজন দেখে ভালো লেগেছে। অভিভাবকদের সচেতনতা সন্তানের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্য অভিভাবকদেরও এ ধরনের প্রশিক্ষণে সন্তানদের যুক্ত করতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। বিজয়ীদের তিনি শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন এবং প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জেলা কারাতে একাডেমির সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক জসিম গাজী।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীরা কারাতে নৈপুণ্য প্রদর্শন করেন এবং বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ৪টি ক্যাটাগরিতে মোট ৪২ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।