আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাক্কা শহরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিরাপত্তা শিবিরে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি এ হামলার দায় স্বীকার করে।
এর আগে সোমবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাক্কায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি কমান্ড সদর দপ্তরে দুই আইএস সদস্য হামলার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনী সেই হামলা প্রতিহত করতে সক্ষম হলেও সংঘর্ষে বাহিনীর একজন সদস্য নিহত হন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ড কেন্দ্রকে লক্ষ্য করে আক্রমণ চালায়। তবে দ্রুত প্রতিরোধ গড়ে তোলায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।
একদিন পর মঙ্গলবার ইসলামিক স্টেট (আইএস) আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করে। তবে সংগঠনটি হামলার বিস্তারিত বা হতাহতের সংখ্যা সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
রাক্কা একসময় ইসলামিক স্টেটের কথিত ‘খিলাফতের’ রাজধানী হিসেবে পরিচিত ছিল। সাম্প্রতিক বছরগুলোতে গোষ্ঠীটির প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গেলেও সিরিয়ার বিভিন্ন অঞ্চলে তারা বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি