আন্তর্জাতিক ডেস্ক: নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় পশ্চিম আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ ইকুয়েটোরিয়াল গিনির পুরো সরকার পদত্যাগ করেছে। মঙ্গলবার দেশটির ভাইস প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং মাঙ্গু এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী মানুয়েল ওসা এনসুয়ে এনসুয়া সরকারের সব সদস্যের পদত্যাগপত্র জমা দিয়েছেন। কারণ সরকার নির্ধারিত লক্ষ্যগুলোর মাত্র ১০ শতাংশ অর্জন করতে পেরেছে।
তবে কোন কোন লক্ষ্যমাত্রা অর্জনের কথা ছিল বা কোন খাতে ব্যর্থতা দেখা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ভাইস প্রেসিডেন্ট।
দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব ইকুয়েটোরিয়াল গিনি (পিডিজিই) এক বিবৃতিতে বলেছে, সরকার দায়িত্ব পালনকালে জনপ্রশাসন, অবকাঠামো, জনসেবা এবং অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে।
দলটির ভাষ্য, সরকারের সম্মিলিত পদত্যাগ দেশের নিয়মিত প্রাতিষ্ঠানিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ। নতুন অগ্রাধিকার অনুযায়ী সরকারি কাঠামোকে মানিয়ে নেওয়ার লক্ষ্যেই সময়ে সময়ে এ ধরনের পুনর্বিন্যাস করা হয়।
দেশটির প্রেসিডেন্ট তেওদোরো নুয়েমা ওবিয়াং এমবাসোগো ২০২৪ সালে মানুয়েল ওসা এনসুয়েকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
১৯৭৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওবিয়াং বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধান। টানা প্রায় ৪৭ বছর ধরে তিনি ইকুয়েটোরিয়াল গিনি শাসন করছেন।
রিপোর্টার্স২৪/এসসি