রিপোর্টার্স২৪ ডেস্ক: সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এক হত্যা মামলায় গ্রেপ্তারের পর চাঁদপুরের মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৬ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইসমাইল পাটোয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে জেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক বা দলীয় কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্পত্তিগত বিরোধের জেরে সংঘটিত মান্নান পাটোয়ারী (৬৫) হত্যা মামলার প্রধান আসামি ছিলেন সুমন পাটোয়ারী। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
ছাত্রদলের নেতারা জানিয়েছেন, কোনো ব্যক্তি দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় দল নেবে না। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় রাজনৈতিক মহলে বহুল আলোচিত এই ঘটনায় সুমন পাটোয়ারীর গ্রেপ্তার ও দলীয় বহিষ্কারের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম