প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 17-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ দাগনভূঞায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) কেন্দ্রের শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন দাগনভূঞা উপজেলার আয়োজনে বুধবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আজিজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ সাজেদুল করিম অপু, ফেনী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব, আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রধান শিক্ষক মাওলানা ইমাম উদ্দিন, ফেনী তালিমুল কুরআন ফাউন্ডেশনের প্রধান মুয়াল্লিম কারী নাজমুল আহছান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আলী আজগর, দরবেশের হাট ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. আবদুর রহিম এবং দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. শাহীদুল ইসলাম বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি বলেন, একজন শিক্ষক বা ইমামের বক্তব্য যেন ভালো সমাজ গঠনে ভূমিকা রাখে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং নৈতিকতা শিক্ষায় গুরুত্ব দিতে হবে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে সহীহ কুরআন তিলাওয়াত ও মাসায়ালা, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা, শিশু মনোবিজ্ঞান, শিক্ষা উপকরণ ব্যবহার, কেন্দ্র ব্যবস্থাপনা, পাঠদান পদ্ধতি, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি ও কিশোর গ্যাং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে।
প্রশিক্ষণে উপজেলার ৭০ জন কেন্দ্র শিক্ষক অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (১৮ জুন) এ প্রশিক্ষণ সমাপ্ত হবে।