স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ অভিযান শুরু হলো হতাশা দিয়েই। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে এগিয়ে থেকেও জয় তুলে নিতে পারেনি পর্তুগাল। হিউস্টনে গ্রুপ ‘কে’-এর ম্যাচে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা পর্তুগাল পঞ্চম মিনিটেই এগিয়ে যায়। ডান দিক থেকে জোয়াও কানসেলোর আক্রমণ থেকে বল ফিরে এলে বাম প্রান্ত থেকে নিখুঁত ক্রস দেন পেদ্রো নেতো। সেই বলে লুপিং হেডে জাল খুঁজে নেন জোয়াও নেভেস। ২১ বছর ২৬৩ দিন বয়সে বিশ্বকাপে ম্যাচ শুরু করা এই মিডফিল্ডার পর্তুগালের হয়ে বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতার কীর্তিও গড়েন। তার আগে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও গনসালো রামোস।
গোল হজমের পর দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিআর কঙ্গো। ইয়োয়ানে উইসার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। পরে এদো কায়েমবের দিক পরিবর্তন করা শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন গোলরক্ষক দিয়োগো কস্তা।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতায় ফেরে আফ্রিকার দলটি। কর্নার থেকে এমগালারয়েল মুকাউ ও আর্থার মাসুয়াকুর ছোট পাসের পর মাসুয়াকুর ভাসানো ক্রসে ডিফেন্ডারদের ওপর দিয়ে উঠে হেডে গোল করেন ইয়োয়ানে উইসা। ১-১ সমতায় ফিরেই বিরতিতে যায় ডিআর কঙ্গো। এটিই ছিল বিশ্বকাপে দেশটির ইতিহাসের প্রথম গোল।
বিরতির পরও দুই দল সমানতালে লড়াই চালিয়ে যায়। ৫৫ মিনিটে জোয়াও কানসেলোর দুর্দান্ত বাইসাইকেল কিকে বল জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। পরের মিনিটেই কঙ্গো এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেলেও কেদ্রিক বাবাম্বুর শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে আসে।
সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নামা ক্রিশ্চিয়ানো রোনালদো পুরো ম্যাচেই ছিলেন অনেকটা নিষ্প্রভ। দ্বিতীয়ার্ধে কয়েকবার সুযোগ পেলেও গোলমুখে কার্যকর হতে পারেননি তিনি। ফলে শেষ পর্যন্ত জয়হীনভাবেই বিশ্বকাপ মিশন শুরু করতে হলো পর্তুগালকে।
রিপোর্টার্স২৪/বাবি