স্পোর্টস ডেস্ক: শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ব্যাটিং ধসের কারণে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
বুধবার চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুতে আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে আসে ১৮ রান। তবে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় দলটি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একের পর এক ব্যাটার আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হন। ফলে বড় কোনো জুটি গড়ে উঠেনি। ইনিংসে সর্বোচ্চ ৩০ রানের জুটি হয় শেখ মেহেদী ও মোস্তাফিজুর রহমানের মধ্যে, শেষ উইকেটে।
ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৯ রান করেন শেখ মেহেদী। সাইফ হাসান করেন ২০ রান, আর তানজিদ তামিম ফেরেন ১০ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সফল ছিলেন অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। দুজনেই ৩টি করে উইকেট নেন।
ইনিংসজুড়ে বাংলাদেশ ১১ থেকে ১৩ ওভারের মধ্যে টানা উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে। পরে শেখ মেহেদী ও নিচের দিকের ব্যাটাররা চেষ্টা করলেও বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত ১৯তম ওভারে শেষ উইকেট হারিয়ে ১৩১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
রিপোর্টার্স২৪/বাবি