রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর, শক্তিশালী এবং বহুমাত্রিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মতো সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর।
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ করে উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তিখাতে স্পেনের বিনিয়োগ এবং বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ও স্পেনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ইতিবাচক ধারা তুলে ধরে স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, সম্ভাবনাময় ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে দ্রুত বিকশিত হচ্ছে এবং সরকার বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ–স্পেন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/ঝুম