প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 18-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ আগুনে পুড়ল গোডাউনে রাখা টিসিবির ১০ লাখ টাকার পণ্য
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় টিসিবির পণ্য সংরক্ষণকারী একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ২ টার দিকে পৌর শহরের চরমুগুরিয়া পাটগুদাম সংলগ্ন মেসার্স মোল্লা ট্রেডার্স নামের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। গুদামে মজুত থাকা সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়েছে। এছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পন্য পুড়ে কালো কয়লায় পরিণত হয়েছে। আগুনের তাপে গুদামের দেয়াল ও দরজাও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ লাখ টাকার সরকারি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
মোল্লা টেডার্সের স্বত্বঅধিকারী ইসমাইল মোল্লা জানান আজকে টিসিবির পণ্য বিতারণ করার জন্য গোডাউনে পর্যাপ্ত মালামাল মজুত করে রাখা হয়েছি কিন্ত হঠাৎ করে আগুন লেগে সব পুরে ছাই হয়ে গেছে আমি এখন নিঃস্ব হয়ে গেলাম আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমার গোডাউনে যে মালামাল পুড়ে গেছে সরকার যেন আমার ক্ষতি পুষিয়ে দেয় যাতে আমি পুনরায় ব্যবসা করতে পারি।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, আগুনের ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অল্পতে আগুন নিয়ন্ত্রণ করা গেছে পাশে পাটের গোডাউন ছিল নিয়ন্ত্রণ করা গেছে যা অক্ষত আছে।
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।