শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মহসিন আলী বিশ্বাসের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। তারা দ্রুত অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন দুপুরে পাঠ নিরীক্ষার কথা বলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার পরপরই শিক্ষার্থী বিষয়টি প্রধান শিক্ষক ও পরে পরিবারের সদস্যদের জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন জানান, অভিযোগ শোনার পরপরই শিক্ষক কাউন্সিলের জরুরি সভা ডেকে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ওই শিক্ষক এর আগেও অনৈতিক আচরণের অভিযোগে শাস্তির মুখোমুখি হয়েছিলেন এবং জেল খাটার ঘটনাও রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকরা দাবি করেছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।