ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে ৩১ পোটলা গাঁজাসহ মো. জুহিন রানা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৭ জুন) রাতে উপজেলার ১২ নম্বর সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট সংলগ্ন একটি নার্সারির সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি লাল রঙের পলিথিন ব্যাগ থেকে কাগজে মোড়ানো ৩১ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার মোট ওজন প্রায় ৫০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই হাজার টাকা বলে জানায় পুলিশ।