নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় র্যাবের অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার মানুষউড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৪, ময়মনসিংহের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায়। পালানোর সময় তাদের কাছ থেকে একটি লাল রঙের ব্যাগ পড়ে যায়।
পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় পিস্তল উদ্ধার ও জব্দ করা হয় বলে জানায় র্যাব।
উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।