সিলেট প্রতিনিধি: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের পুরোনো দানবাক্স সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাজার কর্তৃপক্ষকে অবহিত করেই পুরোনো দানবাক্সগুলো সিলগালা করা হয়েছে এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। দানের অর্থের হিসাব-নিকাশ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি।
তবে এ নিয়ে মাজার-সংশ্লিষ্টদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রশাসন মাজারের কার্যক্রম ও ব্যবস্থাপনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রতিদিন বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। তাদের দেওয়া দান থেকেই মাজারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। দানের অর্থের ব্যবস্থাপনা নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছিল।