রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রতিহিংসার সংস্কৃতি ভুলে সবাইকে সাংস্কৃতিক ঐতিহ্য লালন এবং দেশীয় সংস্কৃতি বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (১৮ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ফল উৎসব ও গানের আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশে তিনি বলেন, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে পারস্পরিক বিভেদ ভুলে একসঙ্গে কাজ করা এখন সময়ের দাবি।
মন্ত্রী আরও বলেন, “ফলের পুষ্টিগুণ, বৈচিত্র্য এবং ঐতিহ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জাতীয় প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি মনে করেন, দেশীয় ফল নিয়ে আয়োজিত এমন উৎসব শুধু বিনোদন নয়, বরং দেশের সাংস্কৃতিক পরিচিতি দেশ-বিদেশে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে তিনি সবাইকে নিয়মিত দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান, যাতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায়।
এদিকে উৎসবকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। রকমারি দেশি ফলের প্রদর্শনী, স্বাদ গ্রহণ এবং সুরেলা গানের পরিবেশনায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মোট ৪২ প্রজাতির দেশি ফল প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানের সূচনা করা হয় জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মাধ্যমে, যা পুরো পরিবেশে এক আবেগঘন ও গৌরবময় আবহ সৃষ্টি করে।
প্রদর্শিত ফলের মধ্যে ছিল আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, লটকন, ড্রাগন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু, লিচু, হাঁড়িভাঙ্গা আম, বিলাতি গাব, জাম, সফেদা, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, মাখনা, তালের শাঁস, কাঠবাদাম ও দেশি খেজুরসহ নানা সুস্বাদু ও পুষ্টিকর ফল।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ফল প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথি-পরিবারদের আনন্দঘন অংশগ্রহণ।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।
পুরো আয়োজনটি ছিল দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যা উপস্থিত সবাইকে এক ভিন্নমাত্রার অভিজ্ঞতা দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম