কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা, খাবারে অনিয়ম কিংবা সেবাপ্রাপ্তিতে হয়রানি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।
শুক্রবার (১৯ জুন) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য সচিব। তিনি জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কামরুজ্জামান চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য সচিব বলেন, সরকারি হাসপাতালগুলোর প্রতি জনগণের আস্থা আরও বাড়াতে হলে আন্তরিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আক্তার লিনা, ডা. নাহিদ নাজনীন ডেইজি, ডা. আহসান হাবীবসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
রিপোর্টার্স২৪/এসএন