কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের কালাই উপজেলায় জাকিয়া সুলতানা (৩০) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া দক্ষিণপাড়া গ্রামের একটি মুরগির খামারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাকিয়া সুলতানা ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। পরিবার ও স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও বাড়ি থেকে বের হন জাকিয়া। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের আনছারের মুরগির খামারের পাশে একটি আমগাছের ডালে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।
খবর পেয়ে নিহতের বাবা-মা ঘটনাস্থলে গিয়ে গলায় পেঁচানো ওড়না কেটে তাকে নিচে নামান। পরে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ নামিয়ে ফেলা হয়েছিল। তাই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি