রিপোর্টার্স২৪ ডেস্ক: একসময় অসুস্থ মায়ের জন্য একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চেয়েও পাননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বর্তমানে ক্ষমতায় থাকলেও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (২১ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নিজের জীবনের অত্যন্ত বেদনাদায়ক ও সংবেদনশীল একটি ঘটনার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আম্মা (সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া) একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেসময় একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, কিন্তু তারা সেটি দেয়নি সেদিন।
তিনি বলেন, আজ মহান আল্লাহর ইচ্ছায় এবং দেশের জনগণের সমর্থনে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই অ্যাম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নেইনি।
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘আমি যদি এখন প্রতিশোধ নিই, তাতে দেশের কী লাভ হবে? কারও কোনো বেনিফিট বা উপকার হবে না। আর আমি ঠিক এই প্রতিহিংসামূলক রাজনৈতিক মানসিকতাটাই দেশ থেকে চিরতরে বদলে দিতে চাচ্ছি।
রিপোর্টার্স২৪/ঝুম