নোয়াখালী প্রতিনিধি: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এইচএসসি পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিনস এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় কোনো বৈষম্য রাখা হবে না। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করতে সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ধাপে ধাপে সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের মতো অভিন্ন বিষয়গুলোতে সাধারণ ও মাদ্রাসা শিক্ষার্থীরা একই প্রশ্নপত্রে পরীক্ষা দেবে।
ড. এহছানুল হক মিলন বলেন, ২০১৭ সালের একটি মামলার কারণে দেশের প্রায় ৩২ হাজার ৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ আটকে রয়েছে। বিষয়টির সমাধান হলে আগামী তিন মাসের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে।
তিনি আরও জানান, শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ২০২৭-২৮ অর্থবছরে জিডিপির সাড়ে ৩ শতাংশ, পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ এবং আগামী চার বছরের মধ্যে ৫ শতাংশ পর্যন্ত উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার।
শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ করতে এনটিআরসিএর মাধ্যমে আন্তঃজেলা বদলি ব্যবস্থা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসির উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এর মধ্যে ৪৯ জনকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং তিনটি ক্যাটাগরিতে তিনজনকে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/ মিতু