রিপোর্টার্স২৪ ডেস্ক: একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এস এন নজরুল ইসলাম বলেন, আজ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে মহররম মাস চলমান রয়েছে। এ দুটি বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে।
তিনি জানান, রাজধানী ঢাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছেন।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা আশা করছি, বাকি সময়েও পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে এবং নগরবাসী নিরাপদে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম