প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 23-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ জামালপুরে মাছের প্রজেক্ট থেকে লাগেজবন্দি মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজবন্দি এক অজ্ঞাত ব্যক্তির অর্ধউলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামের আলমাছ আলীর মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী প্রজেক্ট পরিদর্শনে গিয়ে এক কোণায় একটি লাগেজ পড়ে থাকতে দেখেন। লাগেজটি থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় তার সন্দেহ হয়। পরে তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। লাগেজ খুলে ভেতরে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহের গায়ে একটি কালো ফুলহাতা শার্ট থাকলেও নিম্নাঙ্গ ছিল উলঙ্গ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতেই লাগেজের ভেতর থাকা অর্ধউলঙ্গ মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মরদেহটি পচে ফুলে যাওয়ায় এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।