হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে পশুখাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত।
অনুষ্ঠানে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ৩৮৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গবাদিপশু খামারির মধ্যে পর্যায়ক্রমে পশুখাদ্য ও বিভিন্ন উন্নয়ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম ধাপে ১০০ জন সুফলভোগীর মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদনশীলতা বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা হবে।
একই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানবকল্যাণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়ন সম্ভব। সরকারের এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সুফলভোগী খামারি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন