স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ রসাত্মক ও কটাক্ষপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা ও ব্যঙ্গ করেন।
নিজের প্রথম পোস্টে শাওন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে টেনে এনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বৈপরীত্য তুলে ধরেন। তিনি লেখেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’, কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে, যা আগে কখনো ছিল না! আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে আরো বেশি আলোচিত ও সফল করে তুলবার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ।
পোস্টটির সাথে তিনি বর্তমান প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং এ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমের একাধিক নিউজ কার্ডও শেয়ার করেন। মূলত প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকারের অতি-সতর্ক অবস্থান যে উল্টো দলটিকে সাধারণ মানুষের আলোচনায় বেশি নিয়ে এসেছে, অভিনেত্রী শাওন তার পোস্টে সেই ইঙ্গিতই দিয়েছেন।
এর কিছুক্ষণ পর মেহের আফরোজ শাওন আরেকটি পোস্ট করেন। সেই পোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থান, টহল এবং হেলিকপ্টার দিয়ে নজরদারির একটি ভিডিও শেয়ার করে তিনি বেশ চাতুর্যপূর্ণ মন্তব্য করেন। ক্যাপশনে তিনি লেখেন, বনের বাঘে খায় না রে পাগলা- মনের বাঘে খায়।
রিপোর্টার্স২৪/ধ্রুব