রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে নকলের প্রচলিত ধরন অনেকটাই পরিবর্তিত হয়েছে। তাই সময়ের চাহিদা অনুযায়ী পুরোনো ‘পরীক্ষা আইন’ সংশোধন করে নতুন বিধান যুক্ত করা হয়েছে। নকল এবং প্রশ্নফাঁসের মতো অনিয়মের বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
তিনি আরও বলেন, সংসদে পরীক্ষা আইন সংশোধনের মাধ্যমে এটিকে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
রিপোর্টার্স২৪/ঝুম