প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 24-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ শামীম মোল্লা (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
গ্রেপ্তার শামীম মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকার দক্ষিণ ফুকরা গ্রামের কদম আলী মোল্লার ছেলে।
মিডিয়া কর্মকর্তা জানান, বুধবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর বড় স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় শামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে শরীয়তপুরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
জব্দ গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।