স্টাফ রিপোর্টার: দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম এবার কূটনৈতিক উপহার হিসেবে পৌঁছাতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের কাছে। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগে বাংলাদেশ থেকে এই আম পাঠানো হয়েছে।
বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রংপুরের হাড়িভাঙা আম আবুধাবির উদ্দেশে পাঠানো হয়। খ্যাতিমান সাংবাদিক ও আমচাষি কেরামত উল্লাহ বিপ্লবের মালিকানাধীন রংপুরের ‘রূপ রিতি এগ্রো ফার্ম’ থেকে সংগৃহীত এসব আম ‘কূটনৈতিক উপহার’ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে রংপুরের হাড়িভাঙা আম সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্যদের জন্য উপহার হিসেবে পাঠানো হচ্ছে।
বাংলাদেশের গ্রীষ্মকালীন জনপ্রিয় ও সুস্বাদু এই আমকে মধ্যপ্রাচ্যের উচ্চপর্যায়ের ব্যক্তিদের কাছে পরিচিত করে তোলার উদ্যোগ নেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
আমচাষি ও সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। সেখানে বাংলাদেশের অন্যতম সেরা কৃষিপণ্য হাড়িভাঙা আম উপহার হিসেবে পৌঁছানো দেশের জন্য গর্বের বিষয়।
তিনি এ উদ্যোগের জন্য আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেরামত উল্লাহ বিপ্লব আরও জানান, বিদেশে রপ্তানির উপযোগী করে এ মৌসুমে তার রূপ রিতি এগ্রো ফার্মে উৎপাদিত সব হাড়িভাঙা আম সম্পূর্ণ জৈব বা অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়েছে।
বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম পরিচিত কৃষিপণ্য হিসেবে হাড়িভাঙা আম ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কৃষি সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এই আমের পরিচিতি বৃদ্ধি এবং সম্ভাব্য রপ্তানি বাজার সম্প্রসারণে এ ধরনের কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের ধারণা, বিদেশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষিপণ্য উপহার হিসেবে পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের কৃষিপণ্যের ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বাজারে অবস্থান আরও শক্তিশালী হবে।