প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 25-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (২৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার সাতটি উপজেলা, ৭৫টি ইউনিয়ন এবং তিনটি পৌরসভায় একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ কর্মসূচিতে ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক, ২৩১ জন প্রথম শ্রেণির সুপারভাইজার এবং ৬৯৩ জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দায়িত্ব পালন করবেন। শিশুদের জন্য ইতোমধ্যে ২৯ হাজার ৫০০টি নীল এবং ১ লাখ ৯৩ হাজার লাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রস্তুত রাখা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম. মো. মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শোনু, সাধারণ সম্পাদক এম. হেদায়েত হোসেন লিটনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে শিশুদের সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা সম্ভব।
এ সময় স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানায়, তারা যেন নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান এবং জাতীয় এ কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেন।