মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন উপপরিদর্শক মানজির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমান, সহসভাপতি আব্দুল্লাহ ফারুক, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো. শাহাবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান বলেন, “শিশুদের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব অনেক। জাতীয় এই কর্মসূচি সফল করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের সচেতন করে নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই সরকারের এ কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
উল্লেখ্য, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোল্লাহাট উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময় নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।