স্পোর্টস ডেস্ক: উসমান ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিক ও দেজিরে দুয়ের শেষ মুহূর্তের গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। চতুর্থ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের শক্তিশালী শট দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করে দলকে রক্ষা করেন নরওয়ের গোলরক্ষক ম্যাথিয়াস সেলভিক। বলটি পোস্টে লেগে ফিরে আসে।
তবে সপ্তম মিনিটে আর রক্ষা হয়নি নরওয়ের। মাঝমাঠ থেকে এমবাপ্পের বাড়ানো নিখুঁত তির্যক পাস ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ফ্রেডরিক বিয়োরকানকে কাটিয়ে জোরালো শটে ফ্রান্সকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে।
২০তম মিনিটে আবারও ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেম্বেলে। গোলটির আক্রমণ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমবাপ্পের।
তবে ফ্রান্সের দ্বিতীয় গোলের মাত্র ৭২ সেকেন্ড পরই ম্যাচে ফেরার আশা জাগায় নরওয়ে। ২১তম মিনিটে অস্কার আসগার্ড দারুণ একক নৈপুণ্যে দায়ো উপামেকানোকে কাটিয়ে নিচু শটে ব্যবধান কমিয়ে ২-১ করেন।
কিন্তু নরওয়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা থামিয়ে দেন ডেম্বেলে। ৩২তম মিনিটে আবারও ডান দিক থেকে কাট ইন করে ফ্রেডরিক বিয়োরকানকে পরাস্ত করে বাঁকানো শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি এই উইঙ্গার। মাত্র ২৫ মিনিটের ব্যবধানে করা এই হ্যাটট্রিক বিশ্বকাপ ইতিহাসের অন্যতম দ্রুততম হ্যাটট্রিক হিসেবে জায়গা করে নিয়েছে।
শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লুকাস হার্নান্দেজ দূরপাল্লার শটে গোলের চেষ্টা করলেও বল অনেক ওপর দিয়ে চলে যায়।
তবে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান আরও বাড়ায় ফ্রান্স। বাম প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ব্র্যাডলি বারকোলার নিখুঁত ক্রসে দেজিরে দুয়ে হেডে বল জালে জড়ান। নরওয়ের গোলরক্ষক সেলভিক ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি।
এটি ছিল দুয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের তৃতীয় গোল এবং বিশ্বকাপে প্রথম গোল। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই গ্রুপ পর্ব শেষ করে ফরাসিরা।
অন্যদিকে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামা নরওয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।
রিপোর্টার্স২৪/বাবি