স্টাফ রিপোর্টার: রাজধানীর কাঁটাবনের একটি ১৪তলা আবাসিক ভবনের ১২তম তলার দুটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ভবনের অনেক বাসিন্দা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হয়। আগুনের কারণে ভবনের বেশ কয়েকজন বাসিন্দা নিরাপত্তার জন্য ছাদে আশ্রয় নেন।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজও চালিয়ে যাচ্ছেন।
রিপোর্টার্স২৪/বাবি