স্টাফ রিপোর্টার: রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।
এর আগে রাত ১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১২ তলার দুটি ফ্ল্যাট থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/বাবি