সিনিয়র রিপোর্টার: জাতীয় সংসদে মাদক পাচার রোধে সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে তীব্র সমালোচনা করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান এখনও টেকনাফ সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে, কিন্তু তা বন্ধে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমাদের দেশে মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে, সেটা হলো কক্সবাজারের টেকনাফ। আগে শুনতাম বদি, এখন তো বদি নেই। বদি বদ হয়ে গেছে, এখন ওখানকার দায়িত্ব কে নিয়েছে?
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, মাদক চোরাকারবারীদের অনেকেই স্থানীয়ভাবে পরিচিত এবং বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্টদের অবগত থাকার কথা। তার মতে, এতদিনে ওই সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ হওয়া উচিত ছিল।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুধু আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হয় না; আইন বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ়তা। তিনি মন্তব্য করেন, ‘আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকর করার জন্য সাহস লাগে, ইচ্ছাও লাগে।’
সংসদে বক্তব্যে তিনি দেশের অন্যতম বড় সামাজিক ও নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে মাদককে উল্লেখ করেন। পাশাপাশি নিজের নির্বাচনি এলাকা ঢাকা-৩ আসনে স্বাস্থ্যসেবার দুরবস্থার কথাও তুলে ধরেন।
রিপোর্টার্স২৪/এসসি